হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ১৯২তম ঈদ-উল-ফিতরের নামাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য এক সংবাদ সম্মেলন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। রবিবার (২রা জুন) দুপুরে ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। শোলাকিয়া ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ঈদের জামাতে অতিরিক্ত নিরাপত্তার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ ও র্যাবের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি মোতায়েনসহ চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তাছাড়াও মাঠে ওয়াচ টাওয়ার স্থাপন এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো মাঠ মনিটরিং করা হবে। এ কাজে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
এ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের ২টি ইউনিয়ন সার্বক্ষণিক মোতায়েন থাকবে। ঈদের ৩ দিন পূর্ব থেকে ঈদের দিন পর্যন্ত কিশোরগঞ্জ শহরের উজানভাটি ও গাংচিল হোটেল ব্যতিত অন্যান্য আবাসিক হোটেল, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রাবাস, হোস্টেল, মেস বন্ধ করে দেওয়া হয়েছে। মুসুল্লীদের দেহ তল্লাশীর পাশাপাশি একমাত্র জায়নামাজ ছাড়া আর কোন কিছু নিয়ে মাঠে প্রবেশ করতে দেয়া হবে না। এদিকে শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহনের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।
শোলাকিয়া এক্সপ্রেস- ১ ভৈরব থেকে ছাড়বে সকাল ৬টায় কিশোরগঞ্জ পৌঁছবে সকাল ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় ভৈরব পৌঁছবে দুপুর ২টায়। শোলাকিয়া এক্সপ্রেস- ২ ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল পৌনে ৬টায় কিশোরগঞ্জ পৌঁছবে সকাল সাড়ে ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং ময়মনসিংহে পৌঁছবে বেলা ৩টায়।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহদী হাসান প্রমুখ।
Reporter Name 





















