বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা বিওয়াইডি বাংলাদেশে তিনটি নতুন মডেলের গাড়ি উন্মোচন করেছে। নতুন মডেলগুলো হলো- বিওয়াই-ডি সিল ফাইভ, বি-ওয়াই-ডি সিল সিক্স, বিওয়াইডি সি-লায়ন সিক্স এডব্লিউডি।
রোববার (১৭ মে) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে এসব গাড়ি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশের অটো ও প্রযুক্তিখাতে স্মার্ট ও টেকসই পরিবহণ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন প্রমুখ।
অনুষ্ঠানে রিভিল শো, প্রোডাক্ট প্রেজেন্টেশন, কীনোট স্পিচ এবং প্রি-অর্ডারকৃত ৬০টি গাড়ি হস্তান্তর করা হয়।
নতুন নিয়ে আসা বিওয়াইডি সিল-৫ একটি সুপার প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (পিএইচইভি) সেডান, যা বিওয়াইডির অত্যাধুনিক ডিএম-আই প্রযুক্তি ও ব্লেড ব্যাটারি দিয়ে চালিত। ১৫০০ সিসির শাওয়ুন হাই-এফিশিয়েন্সি ইঞ্জিনসমৃদ্ধ এই গাড়িটি ১৫৪ কিলোওয়াট কমবাইন্ড ম্যাক্সিমাম পাওয়ার ও ৩০০ নিউটন মিটার টর্ক প্রদান করে, যেখানে এর কমবাইন্ড ড্রাইভিং রেঞ্জ সর্বোচ্চ ১ হাজার কিলোমিটার পর্যন্ত। এছাড়াও, সেডানটিতে এডিএএস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম) সেফটি প্রযুক্তি, ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ, ভেহিকল-টু-লোড (ভিটুএল) সুবিধা, রিজেনারেটিভ ব্রেকিং ও ১২.৮ ইঞ্চির ইন্টেলিজেন্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে।
সম্পূর্ণ বৈদ্যুতিক (ইভি) সেডান বিওয়াইডি সিল-৬ একবার চার্জে সর্বোচ্চ ৪১০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করে। রেয়ার-হুইল ড্রাইভসহ পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর দিয়ে চালিত এই গাড়িটি ৯৫ কিলোওয়াট শক্তি ও ২২০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। মডেলটিতে আরও রয়েছে ডিসি ফাস্ট চার্জিং, এডিএএস, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, লেদার সিট, পিএম২.৫ এয়ার ফিল্ট্রেশন ও বিওয়াইডির নিজস্ব ব্লেড ব্যাটারি প্রযুক্তি।
বিওয়াইডির প্রিমিয়াম এসইউভি পোর্টফোলিওকে আরও সম্প্রসারিত করতে নিয়ে আসা নতুন বিওয়াইডি সিলায়ন-৬ এডব্লিউডি নিয়ে এসেছে অল-হুইল-ড্রাইভ সুপার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি অভিজ্ঞতা, যা সর্বোচ্চ ১২৮ কিলোমিটার পর্যন্ত পিউর ইলেকট্রিক রেঞ্জ প্রদান করে। এর পাশাপাশি, এতে ১৫০০ সিসির টার্বোচার্জড ইঞ্জিন রয়েছে, যা দীর্ঘ ভ্রমণে অতিরিক্ত সক্ষমতা নিশ্চিত করে। গাড়িটিতে ১৫.৬ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, ইনফিনিটি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড ও হিটেড সিট, ভেহিকল-টু-লোড (ভিটুএল) সাপোর্ট, ৭টি এয়ারব্যাগ ও এডিএএসের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি রয়েছে, যা পরিবার ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য প্রযুক্তিনির্ভর প্রিমিয়াম ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
অনুষ্ঠানে বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, বাংলাদেশ বিওয়াইডির বৈশ্বিক এনইভি ভিশনের জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হচ্ছে। সিল-৫, সিল-৬ ও সিলায়ন-৬ এডব্লিউডির মাধ্যমে আমরা এমন উন্নত প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সেফটি ও টেকসই মোবিলিটি সল্যুশন নিয়ে এসেছি, যা ভবিষ্যতের পরিবহণের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই গাড়িগুলো বাংলাদেশের ক্রেতাদের নিউ এনার্জি মোবিলিটি অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, আজকের এই উদ্বোধন বাংলাদেশের এনইভি ইকোসিস্টেম সম্প্রসারণে বিওয়াইডি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। ভিন্নধর্মী লাইফস্টাইল ও ড্রাইভিং চাহিদার জন্য আমরা বৈচিত্র্যময় গাড়ির অপশন নিয়ে এসেছি। হাইব্রিড এফিশিয়েন্সি থেকে শুরু করে সম্পূর্ণ ইলেকট্রিক ইনোভেশন ও প্রিমিয়াম এসইউভি পারফরম্যান্স, নতুন এই লাইনআপ বাংলাদেশের স্মার্ট মোবিলিটির পরবর্তী বিবর্তনকে তুলে ধরছে।
নতুন নিয়ে আসা বিওয়াইডি সিল-৫ এর প্রথম ৫০০ ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার টাকা মাত্র। সম্পূর্ণ ইভি বিওয়াইডি সিল-৬ পাওয়া যাবে মাত্র ৪৮ লাখ ৯০ হাজার টাকায়। অন্যদিকে, প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে বিওয়াইডি সিলায়ন-৬ এডব্লিউডি-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭১ লাখ ৯০ হাজার টাকা মাত্র; বিভিন্ন সেগমেন্টে ক্রেতাদের জন্য সর্বাধুনিক নিউ এনার্জি মোবিলিটি সল্যুশন নিশ্চিতে এ গাড়িগুলো নিয়ে আসা হয়েছে।
তিনটি মডেলেই এই খাতের শীর্ষস্থানীয় বিওয়াইডির ওয়ারেন্টি সুবিধা ও সর্বাধুনিক ব্লেড ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান এনইভি বাজারে ব্র্যান্ডটির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতি ক্রেতাদের আস্থা আরও জোরদার করবে।
Reporter Name 

























