বর্তমানে EYouth মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আরো কিছু অঞ্চলের ২১টি দেশে কাজ করছে। প্রতিষ্ঠানটি মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের চিন্তা করছে। এ ছাড়া তারা এশিয়া ও সাব-সাহারান আফ্রিকার অবহেলিত বাজারে প্রবেশের পরিকল্পনা করছে, যেখানে ডিজিটাল শিক্ষা বড় পরিবর্তন আনতে পারে।
সংযুক্ত আরব আমিরাতে EdTech Academy নামের একটি নতুন প্রতিষ্ঠান হয়েছে, যার প্রতিষ্ঠাতা রেনাদ তুর্কি একজন গুগল-সার্টিফায়েড শিক্ষক। তিনি প্রযুক্তিগত জ্ঞানের সঙ্গে AI-এর নৈতিক ব্যবহারের সমন্বয় ঘটাচ্ছেন। প্রতিষ্ঠানটি এআইচালিত বিভিন্ন টুল ব্যবহার করে যেমন—ব্যক্তিগত জ্ঞানচর্চা ও শিক্ষকতা, মূল্যায়ন টুল, গল্প বলা, ডিজাইন ও ভিডিও প্রোডাকশনের জন্য জেনারেটিভ এআই। তারা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLMs) ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য কাস্টমাইজড শেখার পরিবেশ তৈরি করছে।
তুর্কি বলেন, একজন মুসলিম এআই প্রশিক্ষক হিসেবে আমি শিক্ষকদের ও শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধের সঙ্গে এআই টুল ব্যবহার শেখাই। কিভাবে কোরআনিক তাফসির, আরবি শেখা বা ইসলামী ঐতিহাসিক পাঠ বিশ্লেষণে এআই সাহায্য করতে পারে সেটা দেখানো হয়। একই সঙ্গে এআইয়ের সীমাবদ্ধতা সম্পর্কেও সচেতন করি। আমরা এথিকাল এআই ফ্রেমওয়ার্ক এবং অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, যাতে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা যায়। EdTech Academy এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ৫০০-এরও বেশি শিক্ষক এবং এক হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থীকে এআইবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে।
কাতারের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আবদুস সাত্তার বলেন, এআই সারা বিশ্বে শিক্ষার ধরন বদলে দিতে পারে। মুসলিমপ্রধান অঞ্চলে এর মাধ্যমে জ্ঞানচর্চা আরো সহজ, ব্যক্তিকেন্দ্রিক ও সংস্কৃতিভিত্তিক হতে পারে। এআইচালিত প্ল্যাটফর্মগুলো শিক্ষার্থীর নিজ গতিতে শেখার সুযোগ দেয়। ভার্চুয়াল শ্রেণিকক্ষগুলো গ্রামাঞ্চলের শিক্ষার্থীদেরও পৌঁছাতে পারে, যেখানে স্কুলের সুযোগ সীমিত। অনুবাদ টুলস ভাষাগত বাধা দূর করে, যাতে বিশ্বজুড়ে জ্ঞান আরবি, উর্দু, মালয়সহ বিভিন্ন ভাষায় পৌঁছে দেওয়া যায়। এআই ইসলামিক শিক্ষাকেও উন্নত করতে পারে। যেমন—এআই টিউটররা অনারব ভাষাভাষী শিক্ষার্থীদের কোরআন শেখার সময় উচ্চারণ ও অর্থ বুঝতে সাহায্য করতে পারে।
ড. আবদুস সাত্তার বলেন, ‘চ্যাটবট ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ইসলামী বিধান নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া যায়। এমনকি ইসলামিক ইতিহাসভিত্তিক ভার্চুয়াল রিয়ালিটি অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক ও ধর্মীয় শিক্ষা জীবন্ত করে তুলতে পারে। এ ছাড়া নৈতিক ও হালাল এআই তৈরির ব্যাপারে আগ্রহ বাড়ছে, যেখানে ইসলামী নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাইভেসি রক্ষা ও পক্ষপাতমুক্ত প্রযুক্তি নিশ্চিত করা হবে।’
কোনো সন্দেহ নেই, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনের ইসলামী শিক্ষার ওপর ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রকার প্রভাব বিস্তার করবে। ইসলামী শিক্ষা ও তরুণ প্রজন্মকে এর নেতিবাচক প্রভাব থেকে বাঁচাতে এখন থেকে সচেতনতামূলক উদ্যোগ ও উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন। যথাযথ প্রশিক্ষণ প্রদান করা গেলে এআই ইসলামী শিক্ষার জন্য সহায়ক মাধ্যম হতে পারে, নতুবা তার প্রভাব হতে পারে ভয়াবহ।
Reporter Name 

























