গত বছর অস্ট্রেলিয়া ওপেন জেতার পর চলতি বছরের জানুয়ারিতেও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখেন আরিনা সাবালেঙ্কা। এরপর গতকাল শনিবার জিতলেন ইউএস ওপেন শিরোপা। এতে দারুণ একটা কীর্তিতে উঠেছে সাবালেঙ্কার নাম।
গতকাল শনিবার রাতে বছরের শেষ গ্র্যান্ড স্লামের ফাইনালে জেসিকা পেগুলাকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন টেনিসে মেয়েদের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। এটি ২৬ বছর বয়সী বেলারুশিয়ান তারকার ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
অথচ গত বছর ইউএস ওপেনে মেয়েদের এককের ফাইনালে কোকো গাফের কাছে হারের পর লকার রুমে গিয়ে নিজের র্যাকেট ভেঙেছিলেন সাবালেঙ্কা। সে সময় বেলারুশিয়ান টেনিস তারকার বিষাদমাখা মুখের ছবি আলোড়ন তুলেছিল নেট দুনিয়ায়। এক বছর পর সেই ফ্লাশিং মিডোজেই ইউএস ওপেনে নিজের প্রথম শিরোপা জিতলেন সাবালেঙ্কা।
ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ছাড়িয়ে বেলারুশিয়ান টেনিস তারকাদের মধ্যে সবচেয়ে বেশি শিরোপার মালিক এখন সাবালেঙ্কা। শুধু তাই নয়, উন্মুক্ত যুগে একই বছর দুই হার্ড কোর্টেই (অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন) শিরোপা জেতা পঞ্চম নারী টেনিস তারকা তিনি।
অনুভূতি জানাতে গিয়ে সাবালেঙ্কা বলেন, ‘এ মুহূর্তে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা সবসময়ই আমার কাছে স্বপ্ন ছিল। অবশেষে আমি স্বপ্নের শিরোপা পেয়েছি। আপনি যদি স্বপ্নপূরণের জন্য সত্যিই সবকিছু বিসর্জন দিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যান, অবশ্যই সেটা একদিন পাবেন।’
সাবালেঙ্কার যে শুধু স্বপ্নপূরণ হয়েছে, এমন নয়। গ্র্যান্ড স্লাম জিতে ৩.৬ মিলিয়ন ইউএস ডলার পেয়েছেন বেলারুশিয়ান তারকা।
Reporter Name 
























