ইরানের নারীদের জন্য সংরক্ষিত বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক ইরান ও কম্বোডিয়ার ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ামাত্র সব বিক্রি হয়ে গেছে। তেহরানে আগামী বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামবে ইরান। দেশটির নারীরা স্টেডিয়ামে গিয়ে ওই ম্যাচ দেখতে পারবে বলে আগেই নিশ্চিত করেছিল ফিফা।
গ্যালারির একটা অংশ নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে বলে জানিয়েছিল ইরান। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ তাদের প্রতিবেদনে জানায়, ৭৮ হাজার আসনবিশিষ্ট আজাদি স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিতে নারীদের জন্য সাড়ে তিন হাজার টিকিট শুক্রবার সকালে ছাড়া হয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে।
নারীদের মাঠে প্রবেশ তদারকি করতে ফিফা তাদের একজন প্রতিনিধি তেহরানে পাঠাবে বলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন। ইরানের মেয়েদের মাঠে গিয়ে খেলা দেখতে দেয়ার দাবিতে ‘ওপেন স্টেডিয়াম’ নামে চলা একটি ক্যাম্পেইনের কর্মী অভিযোগ করেন, ইরানিয়ান ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনোরকম ঘোষণা না দিয়েই শুক্রবার সকালে এই টিকিটগুলো অনলাইনে ছাড়া হয়।
১৯৭৯ সালে ইরানে ইসলামিক অভ্যুত্থানের পর থেকে সেখানে পুরুষদের খেলা দেখতে নারীরা স্টেডিয়ামে যেতে পারেন না। যদিও দেশটির কোনো আইনে এ ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’।
সম্প্রতি খেলা দেখার জন্যে এক নারী পুরুষের বেশে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে ধরা পড়ে যান এবং তাকে গ্রেফতার করা হয়। বিচারে ছয় মাসের কারাদণ্ড হতে পারে আশঙ্কায় সাহার খোদায়ারি সেপ্টেম্বরের শুরুতে আদালত প্রাঙ্গণের বাইরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এক সপ্তাহ পর হাসপাতালে তার মৃত্যু হয়। সাহারের এই নির্মম মৃত্যু ইরানের ভেতর ও বাইরে চরম ক্ষোভ সৃষ্টি করে।
সাহারের প্রিয় দল ছিল এসতেকলাল, যাদের জার্সির রং নীল। সেই অনুসারে বিশ্বজুড়ে তিনি ‘ব্লু গার্ল’ নামে পরিচিতি পান। সারা বিশ্বের ফুটবল খেলোয়াড় ও ভক্তরা সাহারের মৃত্যুতে শোক প্রকাশ করে। এছাড়া ইউরোপের কয়েকটি নারী ফুটবল দলের খেলোয়াড়রা তার স্মরণে হাতে নীল রঙের ব্যান্ড পরে খেলতে নামেন। ফিফাকেও এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ না করায় সমালোচনার মুখে পড়ে। অনেকে ফিফার কাছে ইরানকে ফুটবলে সাময়িক বরখাস্ত বা সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানায়।
Reporter Name 

























