ক্রীড়া প্রতিবেদক
ড্রয়ের পথেই ছিল লড়াই। ৯০ মিনিট পর্যন্ত সমান তালে লড়া দুই দলের ১-১ সমতা। মনে হচ্ছিল অতিরিক্ত সময়ে যাবে খেলা। হয়তো টাইব্রেকার ভাগ্যেই উত্তর মিলবে কারা সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন? কিন্তু না, ইনজুরি সময়ে এসে সর্বনাশ। বাংলাদেশের ফুটবলারদের হতাশ করে সাফের যুবাদের আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভারত অনূর্ধ্ব ১৮ ফুটবল দল। রানার্সআপ হয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে!
শক্তির বিচারে দুই দলই ছিল সমান পালস্নায়। ফাইনালে উঠে আসার পথেও মিল ছিল হুবহু। দু’দলের সামনেই ছিল প্রথমবার শিরোপা জেতার হাতছানি। সে পথে ম্যাচের বেশিরভাগ সময় সমান তালেই এগিয়েছে খেলা। কিন্তু একদম অন্তিম মুহূর্তে বাংলাদেশকে হতাশায় ভাসিয়েছে ভারতীয়রা।
নেপালের এপিএফ স্টেডিয়ামে এদিন কিছুই গেল না বাংলাদেশের পক্ষে। না শুরুটা, না শেষটা, না মাঝের সময়। ফাইনাল ম্যাচ দেখল মোট তিন লাল কার্ড। যার দুইজনই বাংলাদেশের। এর ভেতর একজন অধিনায়ক ইয়াসিন আরাফাত। এরপরও বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছিল।
অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়ার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু প্রথমার্ধে ৯ জনের দলে পরিণত হয়ে সে সম্ভাবনা অনেকটাই মিইয়ে যায়। তারপরও হাল ছাড়েনি ফাহিম-ফয়সালরা।
সাধ্যমতো তারা চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত অবশ্য দশ জনের ভারত অনূর্ধ্ব-১৮ দলের কাছে হারতেই হয়েছে। তাতে ফের দক্ষিণ এশিয়ার যুব ফুটবল মঞ্চে শিরোপা না জেতার কষ্ট নিয়েই ফিরতে হলো অ্যান্ড্রু পিটার টার্নারের শিষ্যদের।
রোববার ম্যাচের শুরুতেই পেছনে পড়ে বাংলাদেশ। খেলার প্রথমার্ধ ছিল শরীরী ফুটবলের প্রদর্শনী। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেইে প্রতিবেশি দেশটির হয়ে গোল করেন বিক্রম প্রতাপ সিং। মিডফিল্ডে বাংলাদেশের অর্ধের ঠিক ওপাশ থেকে লং বল পাঠিয়েছিল ভারত, হেডে ফ্লিক করে সেই বল ডিবক্সের আগে ফেলে দারুণ এক আক্রমণ তৈরি করে তারা। বিক্রম প্রতাপ সিংও দারুণ এক দৌড় দিয়ে এলোমেলো করে দিয়েছিলেন বাংলাদেশের রক্ষণ। এরপর গোলরক্ষকের কাছাকাছি গিয়ে কঠিন অ্যাঙ্গেল থেকে চমৎকার ফিনিশিংয়ে গোল করে এগিয়ে নেন তিনি ভারতকে।
এরপর বাংলাদেশ গুছিয়ে ওঠার চেষ্টা করছিল ধীরে ধীরে। সমতায় ফিরতে জোর চেষ্টা করে লাল-সবুজের যুবারা। কিন্তু ২১ মিনিটে মাঝমাঠে এক ফাউলকে কেন্দ্র করে হুট করেই উত্তাপ ছড়ায় দুই দলের খেলোয়াড়দের মাঝে। মানে প্রতিপক্ষের গুরকিরাত সিংকে ঠেকাতে অবৈধ বাধা দেন হৃদয়। গুরকিরাতেরও দোষ ছিল অনেক। পরে সে ঘটনার জের ধরে নেপাল রেফারি কাবিন ব্যাঞ্জানকি হলুদ কার্ড দেখান মোহাম্মদ হৃদয়কে। আর ভারতের গুরকিরাত সিং দেখেন সরাসরি লাল কার্ড। বাংলাদেশের যদিও লাভ হয়নি তাতে। হৃদয় আগেও হলুদ কার্ড দেখেছিলেন। তাই দুই দলই তখন ১০ জনের দলে পরিণত হয়।
এরপরই বাংলাদেশকে সমতায় ফেরান ইয়াসিন আরাফাত। ৪০ মিনিটে আমির হাকিব বাপ্পির ব্যাকহিল থেকে বল পেয়ে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক ইয়াসিন আরাফাত। কিন্তু গোল করে নিজের গায়ের জার্সি খুলে উদযাপন করতে গিয়ে দলের সর্বনাশ করেন তিনি। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে বেরিয়ে যেতে হয় তাকেও। বাংলাদেশ পরিণত হয় ৯ জনের দলে। ম্যাচ থেকে আসলে তখনই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। একজন কম নিয়ে এখান থেকে ভারতের বিপক্ষে ফিরতে দারুণ কিছু করতে হত। সেটা করা হয়নি। অবশ্য সুযোগ যে একেবারেই আসেনিই তাও নয়। প্রথমার্ধে প্রতিবেশী দেশকে কোনো সুযোগ দেননি পিটারের শিষ্যরা এগিয়ে যেতে। বিরতির পর ৯ জনের দল নিয়েও ভারতের সঙ্গে সমান তালে লড়াই করে বাংলাদেশ। বাকিটা সময় ভারতীয়দের আক্রমণ সামলানোর উপায় খুঁজছিল বাংলাদেশ। তবে ঠিকই সব সামলে পূর্ণাঙ্গ সময় পার করেই দিচ্ছিল। কিন্তু শেষ দিকে আর পেরে ওঠেনি লাল-সবুজ প্রতিনিধিরা। একদম শেষ মুহূর্তে থ্রো ইন থেকে পাওয়া বল ২৫ গজ দূরে থেকে রবি বাহাদুরের দুর্দান্ত শট গোলরক্ষকের উপর দিয়ে জাল খুঁজে নিলে পিটার টার্নারের শিষ্যদের স্বপ্নভেঙে দেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবুজ-সাদা জার্সির ভেতর মলিন মুখগুলো গল্প বলে দিয়েছে পুরোটা।
বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট শুরু হয়েছে চার বছর আগে। ২০১৫ সালে প্রথম আসরে বাংলাদেশ হেরেছিল সেমিফাইনালে। ২০১৭ সালে দ্বিতীয় আসরে লিগ পর্বের টুর্নামেন্টে শিরোপার খুব কাছে গিয়েও রানার্সআপ হয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা। গতবার কোনো ফাইনাল হয়নি। কিন্তু নেপালের সঙ্গে সমান ৯ পয়েন্ট পেয়েও শুধু গ্রম্নপপর্বে নেপালের কাছে হারের কারণে রানার্সআপ হয় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয় নেপাল।
এবারের সাফে বাংলাদেশের শুরুটা হয়েছিল শ্রীলংকাকে ৩-০ গোলে উড়িয়ে। পরের ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল লাল-সবুজ প্রতিনিধিরা। তবে সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের কিশোররা।
Reporter Name 

























