হাওর বার্তা ডেস্কঃ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা পাননি লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো সেটি উঠেছে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে। তবে মাঠের লড়াইয়ে দারুণ নৈপুণ্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন মেসি। ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে একটি গোল করে মেসি বসে গেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলারের পাশে। মেসি-সুয়ারেজের গোলে বার্সেলোনাও পেয়েছে ২-০ গোলের সহজ জয়।
গতকাল রাতে বার্সেলোনার জার্সি গায়ে মেসি করেছেন নিজের ৫২৫তম গোল। ইউরোপের যে কোনো একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি, ৫২৫টি গোল করার রেকর্ডটি এতদিন এককভাবে ছিল মুলারের দখলে। ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে এ রেকর্ড গড়েছিলেন মুলার। ৫৭২টি ম্যাচ খেলে এই ৫২৫ গোল করেছিলেন মুলার। আর মেসি এ রেকর্ড স্পর্শ করেছেন ৬০৬টি ম্যাচ খেলে। আগামী রবিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে একটি গোল করতে পারলেই মেসি নিজেকে নিয়ে যেতে পারবেন নতুন উচ্চতায়। ভেঙে দিতে পারবেন মুলারের রেকর্ড।
Reporter Name 






















