হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করবেন। একই সঙ্গে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত অন্যান্য দায়িত্ব ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি ২৭ জুলাই ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে। নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
Reporter Name 

























