হাওর বার্তা ডেস্কঃ পুলিশ সদস্যদের আবাসন সমস্যা সমাধানে ৯টি আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এমন একটি প্রকল্প নিয়ে সম্প্রতি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়েছে। পিইসি সভার সারসংক্ষেপ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, ৯টির মধ্যে পাঁচটি ২০ তলা ভবনে ৬৫০ বর্গফুটের প্রতি তলায় ১২টি করে ইউনিট থাকবে। তিনটি ২০ তলা ভবনে এক হাজার বর্গফুটের প্রতি তলায় আটটি ইউনিট থাকবে। অন্যদিকে একটি ২০ তলা ভবনের প্রতি তলায় ১২৫০ বর্গফুটের চারটি করে ইউনিট থাকবে। নয়টি ভবনে ১৬০০ কেজি ওজনের ৩৬টি লিফট, ৩শ’ কেভিএ জেনারেটর, দু’টি যানবাহন, ৮শ’ কেভিএ ক্ষমতাসম্পন্ন জেনারেটরসহ আনুষঙ্গিক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে ৩৩ হাজারের বেশি পুলিশ সদস্য কর্মরত আছেন ঢাকা মেট্রোপলিটন এলাকায়। তাদের কেউ পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ স্টাফ কলেজ, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), রাজারবাগ পুলিশ হাসপাতাল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা জেলা, স্পেশাল ব্রাঞ্জ (এসবি), স্পেশাল সিকিউরিটি অব প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই), অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করছেন। ঢাকায় কর্মরত পুলিশ সদস্যের মধ্যে আবাসন সুবিধা পায় মাত্র ৯ দশমিক ৫০ শতাংশ। বাকি ৯০ দশমিক ৫০ শতাংশ পুলিশ সদস্য ভাড়া থাকেন। ফলে পুলিশ সদস্য ও তাদের পরিবার নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকেন বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
প্রকল্প প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-প্রধান (পরিকল্পনা) শেখ সাকিল উদ্দিন আহমদ বলেন, নয়টি আবাসিক ভবন ঢাকায় নির্মিত হবে। তবে এখনও নির্মাণ স্থান ঠিক হয়নি। এগুলো ঠিক করতে এবং স্থান নির্ধারণে আরও কিছু সভা হবে। পুলিশের নিজস্ব জমিতেই নয়টি ভবন নির্মিত হবে। ভবনে নির্মিত ইউনিট প্রাপ্যতা অনুযায়ী পুলিশ সদস্যরা ব্যবহার করবেন।
Reporter Name 





















