হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সফররত জিম্বাবুয়ে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এয়ার কমোডর ব্রায়ান জন চিকনজো। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজির (মিডিয়া অ্যান্ড পিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, উক্ত প্রতিনিধিদলের প্রধান ব্রায়ান জন চিকনজো বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া, তারা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এআইজি (ট্রেনিং-৩) মো. সোহেল রানা বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন-ভিশন, মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান, কৌশলগত পরিকল্পনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করেন। এরপর প্রশ্ন-উত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা পুলিশের প্রশিক্ষণ, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম এবং সন্ত্রাসবাদ ইত্যাদি সম্পর্কে জানতে চান।
ডিআইজি (অপারেশন্স) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (এইচআর) মো. আবদুল আলীম মাহমুদ, ডিআইজি (লজিস্টিকস) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রতিনিধিদলের প্রধান আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
তিনি মুক্তিযুদ্ধে পুলিশের বীরোচিত অবদানের প্রশংসা করেন এবং শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এনডিইউ প্রতিনিধিদলের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান। প্রতিনিধিদলে জিম্বাবুয়ে, চীন, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মেজর থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ২৬ জন কর্মকর্তা রয়েছেন।
উল্লেখ্য, প্রতিনিধিদলের সদস্যরা জিও স্ট্রাটেজিক ওয়ার্ল্ড স্টাডি ট্যুর-এর অংশ হিসেবে গত ১ জুলাই থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবেন বলে পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে।
Reporter Name 





















