হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শনিবার (৩০ জুন) রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এ কথা বলেন গুতেরেস।
রাত ১টা ৪৫ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে র্যাডিসন হোটেলে উঠেছেন আন্তোনিও গুতেরেস। দুদিনের বাংলাদেশ সফরে এই হোটেলেই থাকবেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিগত নির্মূল অভিযানের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আশ্রয়প্রার্থী ও বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। কক্সবাজার স্থানীয়দের সৌহার্দ্যপূর্ণ আচরণে তিনি মুগ্ধ বলেও জানান।
এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনিও র্যাডিসন হোটেলে উঠেছেন।
Reporter Name 





















