হাওর বার্তা ডেস্কঃ শ্রমশক্তিতে নারীশ্রমিকরা এক নতুন মাত্রার সূচনা করেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ করে দিয়েছেন বলেও তিনি জানান।
আজ ব্রাক সেন্টারে ‘ট্রেড ইউনিয়নের সার্বিক উন্নয়নে নারী-পুরুষ সমতার উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনের ওপর মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সংসদ-সদস্যসহ স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রতিনিধিত্ব রয়েছে। চাকরিক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছে। জাহাজে নারী নাবিকরা কাজ করছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমশক্তিতে নারীশ্রমিকরা একটি নতুন মাত্রা সূচিত করেছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে ট্রেড ইউনিয়নে নারীর সমান প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বিশেষ গুরুত্ববহ। এক্ষেত্রে নারীকে এগিয়ে আসতে হবে, তাদেরকে সংগঠিত হতে হবে।
শাজাহান খান বলেন, শ্রমিক নারীর সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হলে প্রয়োজন শ্রমিক সংগঠন/ট্রেড ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণসহ সকল স্তরে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি।
তিনি বলেন, সরকার ট্রেড ইউনিয়ন করতে সুযোগ ও উৎসাহ দিচ্ছে। গার্মেন্টস সেক্টরে ৫০০ এর অধিক ট্রেড ইউনিয়ন রয়েছে।
কর্মজীবী নারী আয়োজিত অনুষ্ঠানে গার্মেন্টস, ট্যানারি ও নির্মাণ নারীশ্রমিকের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারীশ্রমিক কণ্ঠের আহ্বায়ক শিরীন আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া হক গবেষণাপত্র উপস্থাপন করেন।
Reporter Name 























