হাওর বার্তা ডেস্কঃ জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাজ্যাক এই মুহূর্তে জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মিয়ানমারের চলমান পরিস্থিতি একটি প্রাধিকার ও উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা, বক্তব্য ও সুপারিশ রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করবে। তিনি এক্ষেত্রে তার সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দেন।
গতকাল সকালে জাতিসঙ্ঘ সদরদফতরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাজ্যাকের সাথে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: দীপু মনি এমপি বৈঠক করতে গেলে তিনি একথা বলেন।
বৈঠককালে ডা: দীপু মনি সাধারণ পরিষদের সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন জাতিসঙ্ঘের ৭২তম সাধারণ পরিষদ তার নেতৃত্বে যে সব অগ্রাধিকার ও রূপকল্প গ্রহণ করেছে সেগুলোর প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।
ডা: দীপু মনি বলেন, রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমস্যার সমাধানে বাংলাদেশ মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাবে।
তিনি বলেন, তবে মিয়ানমারকে নিশ্চিত করতে হবে যে কথা ও কাজের মধ্যে যেন সঙ্গতি থাকে। যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠি নিজ ভূমিতে মর্যাদা, নিরাপত্তা ও পূর্ণ নাগরিক অধিকার নিয়ে ফিরে যেতে এবং সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।
সূত্র : বাসস
Reporter Name 























