হাওর বার্তা ডেস্কঃ সড়ক-মহাসড়ক রক্ষায় যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ, সড়ক সংস্কারে গুণগতমান সুরক্ষার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সদ্য যোগদান করা সচিব এবং কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।
এ সময় তিনি নতুন সচিব মো. নজরুল ইসলামকে বরণ এবং বিদায়ী সচিব এমএএন ছিদ্দিককে বিদায় জানান।
পরিবহনে শৃঙ্খলা বিধানকে অগ্রাধিকার বিবেচনার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কে যানবাহনের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। সড়ক রক্ষায় এক্সেললোড কন্ট্রোল নীতিমালা বাস্তবায়নের মধ্য দিয়ে যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি বলেন, পরপর তিন দফা বন্যায় দেশের সড়ক-মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক সড়ক অপ্রত্যাশিতভাবে অকালে নষ্ট হচ্ছে। সড়ক সংস্কারে গুণগতমান রক্ষায় তিনি এ সময় সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে আমরা ১১ দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা দেব। তবে এসব প্রস্তাবে কী থাকবে তা এখন বলব না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচক। বিএনপির সংলাপে অংশ নেওয়া রাজনীতির জন্য ইতিবাচক। বিএনপি শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ। সংলাপে অংশ নিয়ে বিএনপি প্রমাণ করছে তারা নির্বাচনেও আসবে। তারা নির্বাচনে আসুক আওয়ামী লীগ এটা মনে প্রাণে চায়।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিচারপতির বিদেশ সফর সম্পর্কে যা বলার তা সুপ্রিম কোর্ট ও আইনমন্ত্রীই বলেছেন। এর বাইরে সরকারের আর কোনো বক্তব্য নেই।
মন্ত্রী বলেন, সিএনজিচালিত অটোরিকশা সরকার নির্ধারিত ভাড়া ও মিটারে চলছে না। সিএনজি যে মিটারে চলছে না সে ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত বাড়ানো হবে। এ ছাড়া সিটিং সার্ভিস যে চিটিং করছে সে বিষয়ে নতুন সচিব পদক্ষেপ নেবেন।
সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানবিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, বিআরটিসির চেয়াম্যান ফরিদ আহমদ ভুঁইয়া, ডিটিসিএর নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Reporter Name 























