হাওর বার্তা ডেস্কঃ বাজারে চালের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য আড়তদার ও মজুদদারদের দায়ী করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চালের দাম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেছেন, ‘চাল নিয়ে চালবাজি বন্ধ করুন, ভালো হয়ে যান।’
তিনি বলেন, ‘খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এর পরও চালের দাম বাড়ার কোনো কারণ নেই। চালের দাম নিয়ে রাজনীতি হচ্ছে। আড়তদার ও মজুদদাররা কারসাজি করে দাম বাড়াচ্ছেন।’
কামরুল বলেন, ‘বর্তমানে দেশে এক কোটি মেট্রিক টনের ওপরে খাদ্য মজুদ আছে। এই চাল কৃষকদের ঘরে আছে, আড়তদার ও মজুদদারদের হাতে আছে। শিগগিরই আমাদের আরও আড়াই লাখ মেট্রিক টন চাল আসছে।’
এই অবস্থায় দেশে কোনো খাদ্য সংকট নেই বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী। সরকারি খাদ্যগুদামে খাদ্য মজুদের পরিমাণ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘সরকারের খাদ্যগুদামগুলোতে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুদ আছে। তবে কী পরিমাণ আছে তা জানাতে অপারগতা প্রকাশ করে তিনি।’
মন্ত্রী জানান, রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হবে।
রোহিঙ্গা সংকটের মধ্যেই চাল আনতে মিয়ানামারে যাওয়ার ঘটনার সমালোচনার বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশে মিয়ানমারে গিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন বাণিজ্য এবং কূটনীতি এক জিনিস নয়। কিছুদিন পরে মিয়ানমারের একটি প্রতিনিধি দল আসতে পারে, সেই সময় চালের বিষয়ে আলোচনা হবে।
Reporter Name 























