হাওর বার্তা ডেস্কঃ কূটনৈতিক প্রক্রিয়ায় রোহিঙ্গা সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন কিংবা যুদ্ধ করে নয়, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে।
সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন বন্ধ এবং তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে বিশ্বনেতাদের প্রতিও আহ্বান জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশে তিন লাখের বেশি রোহিঙ্গা এসেছে। এর আগে ছিল প্রায় ছয় লাখ ২৫ হাজার। এরপরও তাদের মানবিক কারণে আশ্রয় দিচ্ছি। তবে বিশ্ববাসীকে সঙ্গে নিয়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য কাজ অব্যাহত রয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি এমন একটি দল যে তারা সব বিষয়েই শুধু না বলেন। রোহিঙ্গা ইস্যু নিয়েও তারা রাজনীতি করছেন। অথচ তাদের আশ্রয় দেয়ায় সারাবিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে।
Reporter Name 























