কাজী নজরুল ইসলামের কবিতা এ দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান স্বাধীনতা যুদ্ধ, ‘৯০-এর গণআন্দোলন ও ‘২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তার কবিতা ও গান এ দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে, উজ্জীবিত করেছে।’ বাণীতে তারেক রহমান বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তার প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা। তার রুহের মাগফিরাত কামনা করি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘মানব প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তার রচনা আমাদের উদ্বুদ্ধ করে। তার সাহিত্যকর্ম আমাদের চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।’
Reporter Name 



















