মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে কোনো ভুল তথ্য প্রচার করলে গণমাধ্যমকে তা অবগত করতে পারে বলে জানান তিনি।
শনিবার (৫ জুলাই) রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ এক সেমিনারে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনার সাড়ে ১৫ বছরে টিভি বা নিউজমিডিয়া ব্যর্থ ছিল। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। নতুন করে যখন আবার কেউ ব্যর্থ হয়, সেই মেমোরি চাঙ্গা দিয়ে উঠে। এর ফলে অনেকে প্রটেস্ট করেন, অনেকে মার্চ করেন। আপনারা তখন বলেন— মব তৈরি হচ্ছে।’
তিনি বলেন, ‘কথা হলো যারা সাড়ে ১৫ বছরে এফেক্টেড হয়েছে তার তো প্রটেস্ট করার অধিকার আছে। এই সাড়ে ১৫ বছরে সংবাদমাধ্যমের যে ব্যর্থতা ছিল, তা চিহ্নিত করার কোনো ব্যবস্থা করেছি? কোনো পত্রিকা বা টিভি স্টেশন বলেছে কি না? আজকে যারা দোসর বলে প্রটেস্ট করছে, তা আগের ব্যর্থতার কারণে বলে মনে করেন তিনি। প্রেস সচিব বলেন, আমরা কিন্তু গত ১৫ বছরের জার্নালিজম নিয়ে আলাপ করছি না। সেটা নিয়ে আলাপ হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা এক সময় অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল। সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটি মুক্ত এবং ভয়ডরহীন পরিবেশ গড়ে তুলতে চাইছি। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে আইন এসেছে, তা কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। এই কয়মাসে সরকার চেয়েছে কোনো সিক্রেট এজেন্সি যেন সাংবাদিকদের ফোন না দেয়। ভুল সংবাদ হলে তা বলার আলাদা উপায় রয়েছে, হুমকি বা গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাই লক্ষ্য।’
Reporter Name 























