অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গেলেন ড. মুহাম্মদ ইউনূস।আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে তিনি চট্টগ্রাম পৌঁছেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
জানা গেছে, একদিনের এ সফরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এর আগে পরিদর্শন করবেন চট্টগ্রাম বন্দর।এ ছাড়া কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে তার।
১৮৮৮ সালে ব্রিটিশদের চিটাগাং পোর্ট কমিশনার্স অ্যাক্ট গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বার্ষিক ১২৫ বিলিয়ন ডলার বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ পরিচালিত হয় এ বন্দর দিয়ে।
দেশের নীতি নির্ধারণীর সর্বোচ্চ পর্যায়ে থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে প্রধান এ সমুদ্রবন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মতবিনিময় করবেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে।
সফরে চট্টগ্রাম সার্কিট হাউসে থেকে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা। যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের বুনন শুরু হবে।
সফরসূচির শেষ পর্যায়ে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এতে অংশ নেবেন ২২ হাজার ৬০০ গ্র্যাজুয়েট।
Reporter Name 





















