হাওর বার্তা ডেস্কঃ যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ২ টাকার ও ১ টাকার মোট ৮৩ হাজার কয়েন সহ আবদুর রহমান (৩০) নামে একজনকে আটক করেছে বিজিবি। কয়েনগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে তিনি বিজিবির কাছে স্বীকার করেছেন।
আটক আবদুর রহমান বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের শার্শার আমড়াখালি চেকপোস্টের সুবেদার শাহীন রহমান জানান, আব্দুর রহমান ৭টি বস্তায় করে থাকা ৮৩ হাজার কয়েন ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রের খবরে শুক্রবার (১৩ আগস্ট) আমড়াখালি চেকপোস্টে তল্লাশিকালে ইজিবাইক থেকে এসব কয়েন উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা বলেন, করোনাকালীণ সময়ে মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিন রাত ২৪ ঘণ্টা সীমান্তে টহল দিচ্ছে বিজিবি। সীমান্ত জুড়ে জনবল বাড়ানোসহ টহলও বাড়ানো হয়েছে।
Reporter Name 
























