হাওর বার্তা ডেস্কঃ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুদিন ব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে শনিবার (৫ মে) সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে—‘ইসলামিক ভ্যালুস ফর সাসটেইনেবল পিস,সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট’।
৫৭ সদস্য বিশিষ্ট এই সংস্থার প্রায় ৬০০ প্রতিনিধি এবারের সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে ২৭ জন পররাষ্ট্রমন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, ওআইসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।
সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ আগামী একবছরের জন্য ওআইসি কাউন্সিল অব মিনিস্টার্স (সিএফএম)-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। এই প্রথমবারের মতো ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। এর আগে ১৯৮৩ সালে ১৪তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
প্রতিবারের মতো এবারো সম্মেলনে প্যালেস্টাইন ইস্যুটি নিয়ে সদস্যরা আলোচনা করবেন। এছাড়া, রোহিঙ্গা ইস্যুটি বড় আকারে আলোচনা করা হবে এবং একটি রেজ্যুলেশন গ্রহণের বিষয়ে সদস্যরা একমত হয়েছেন।
অন্যান্য এজেন্ডার মধ্যে সন্ত্রাসবাদ মোকাবিলা, জাতিসংঘ বা অন্য আন্তর্জাতিক ফোরামে সদস্যদের ভোট প্রদানের বিষয়ে সমন্বয়, নিরস্ত্রীকরণ, ইসলামোফোবিয়া, জাতিসংঘের সংস্কার ও নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি, স্বাধীন মানবাধিকার কমিশন গঠন, পুলিশের মধ্যে সহযোগিতা ইত্যাদি বিষয়গুলো উল্লেখযোগ্য।
Reporter Name 
























