হাওর বার্তা ডেস্কঃ ইতিহাস গড়ে প্রথমবারের মত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) আসরের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে বাংলাদেশের জুনিয়র টাইগাররা।
প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।’
পচেস্ট্রুমে দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ২২১ রান জড়ো করে নিউজিল্যান্ড। উইকেট বিবেচনায় লড়াকুই ছিল কিউইদের সংগ্রহ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
তবে মাহমুদুল হাসান জয়ের নজরকাড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। দুই ওপেনারের বিদায়ের পর দল চাপে পড়ে গেলে তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেনের সাথে তৃতীয় ও চতুর্থ উইকেটে দারুণ পার্টনারশীপ গড়ে দেশকে জয়ের আনন্দ এনে দেন মাহমুদুল।
৯ ফেব্রুয়ারি আসরের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এখ পর্যন্ত বাংলাদেশ ও ভারত দুই দলই অপরাজিত রয়েছে। ফাইনাল ম্যাচটি তাই নির্দ্বিধায় আসরের সেরা দুই দলের লড়াই দেখবে। বিশ্বকাপের আগে টানা ক্রিকেট খেলে দারুণ প্রস্তুতি নিয়েছিল যুবারা, যার সুফলও ধরা দিয়েছে হাতেনাতে।
Reporter Name 

























