হাওর বার্তা ডেস্কঃ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার পদ সৃষ্টি, বিলুপ্তি বিষয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি আরো সহজ করা হয়েছে। তবে এসব ক্ষেত্রে পৃথকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি নিতে হবে। বিষয়টি তদারকি করতে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার পদ সৃষ্টি, বিলুপ্তি ইত্যাদি প্রস্তাব প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ২০১৭ সালের ৮ মার্চ তারিখের ৫৩ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ‘পদ সৃষ্টি, পদ স্থায়ীকরণ এবং জনবল নিয়োগ পদ্ধতি (রাজস্ব) প্রভৃতি সমজাতীয় কার্যক্রমকে আরো সহজতর করার লক্ষ্যে গঠিত কমিটি’র পদ্ধতি পরিবর্তে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন নীতিও অনুসরনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ থেকে প্রস্তাব প্রাপ্তির পর জনপ্রশাসন মন্ত্রণালয় পর্যালোচনা করে চেকলিস্ট অনুযায়ী কাগজপত্র ও তথ্যাদির কোনো ঘাটতি থাকলে অনধিক ৫ কার্যদিবসের মধ্যে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগকে অবহিত করবে।
স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রাপ্তির পর জনপ্রশাসন মন্ত্রণালয় অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সম্মতি বা অসম্মতি জ্ঞাপন করবে। প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ থেকে প্রস্তাব পাওয়ার পর অর্থ বিভাগ প্রস্তাব পর্যালোচনা করে চেকলিস্ট অনুযায়ী কাগজপত্র ও তথ্যাদির কোনো ঘাটতি থাকলে অনধিক ৫ দিবসের মধ্যে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগকে অবহিত করবে।
সূত্র জানায়, স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাওয়ার পর অর্থ বিভাগ অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সম্মতি বা অসম্মতি জানাবে। প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ অর্থ বিভাগের সম্মতি গ্রহণ এবং বেতন স্কেল নির্ধারণের জন্য একই সঙ্গে প্রস্তাব পাঠাবে। অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ও বাস্তবায়ন অনুবিভাগ সমন্বিতভাবে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে একই স্মারকে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন এবং বেতন স্কেল নির্ধারণ করবে। সচিব, অর্থ বিভাগ, ব্যয় নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ও বাস্তবায়ন অনুবিভাগের কার্যক্রম সমন্বয় করবেন।
প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ প্রস্তাবের অনুলিপি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি পরিবীক্ষণ কমিটিতে পাঠাবে।
সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজিন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদ্যস্যরা হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (সওব্য), অর্থ বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (ব্যয় নিয়ন্ত্রণ/রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান), অর্থ বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (বাস্তবায়ন) এবং অতিরিক্ত সচিব, প্রস্তাব প্রেরণকারী মন্ত্রণালয়/বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
কমিটি প্রতিমাসে সার্বিক কাজের অগ্রগতি পর্যালোচনা করে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রতিবেদন উপস্থাপন করবে। এই কমিটি পদ সৃজন, পদ স্থায়ীকরণ এবং সমজাতীয় কার্যক্রমের প্রস্তাব অনলাইনে উপস্থাপনের লক্ষ্যে একটি সফটওয়্যার তৈরির ব্যবস্থা নেবে। উপকমিটি প্রয়োজনবোধে সংশ্লিষ্ট কোন কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।
সূত্র জানায়, এই কমিটি গঠনের ফলে সরকারের বিভিন্ন বিভাগে নতুন পদ সৃষ্টি, পদ স্থায়ী করাসহ বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠা সম্ভব হবে। এর ফলে একদিকে যেমন নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা পাওয়া নিয়ে কোন জটিলতা সৃষ্টি হবে না তেমনি একই সঙ্গে কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
Reporter Name 
























