হাওর বার্তা ডেস্কঃ দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের শরীরে মোট সাতটি কোপ পড়েছে। দুটি মাথায়, দুটি ঘাড়ে, দুটি পিঠে এবং একটি হাতে। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা এখন শঙ্কামুক্ত। তিনি ভালো আছেন বলে নিজেই জানিয়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। এ কারণে রোববার তাকে সরাসরি কারো সঙ্গে দেখা করতে দেবেন না চিকিৎসকরা।
জাফর ইকবালের ছোট ভাই আহসান হাবিব এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, গতরাতেই অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর ভাইয়ার সঙ্গে আমার কথা হয়। ভাইয়া আমাকে বলেছেন, আমি ভালো আাছি। এর পরপরই তিনি আমাদের এক ছোট বোনের স্বামীর শারীরিক অবস্থার খোঁজ নেন। আমাদের ছোট বোনের স্বামী স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন। তিনি তাকে নিয়ে চিন্তিত ছিলেন।
আহসান হাবিব বলেন, এ সময় ভাবী (ড. জাফর ইকবালের স্ত্রী) ডা. ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তাদের মধ্যে সেনাপ্রধান ও আইজিপিসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও ছিলেন। প্রধানমন্ত্রী সরাসরি আমাদের কাছ থেকে ভাইয়ার খোঁজ নিয়েছেন।
তিনি আরো জানান, অ্যাম্বুলেন্স থেকে নামানোর পরপরই দ্রুত জাফর ইকবালের সিটিস্ক্যান করা হয়। তারপর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। রোববার সেখানেই থাকবেন তিনি।
আহসান হাবিব বলেন, আজ ভাবীসহ পরিবারের কয়েকজন হাসপাতালে যাচ্ছেন। তবে কারো সঙ্গে সরাসরি দেখা করতে দেওয়া হবে না। বাইরে থেকে কাঁচের ভেতর দিয়ে দেখার সুযোগ পাবেন সবাই।
হাবিব বলেন, তার ভাইয়ের মনোবল ঠিক আছে এবং এখন শঙ্কামুক্ত আছেন।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন এক যুবক। এতে তিনি মাথা, ঘাড় ও হাতে আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করানো হয়।
Reporter Name 
























