হাওর বার্তা ডেস্কঃ ৭৩ বছরের হতদরিদ্র আমির হোসেনের ভাগ্যে আজও জোটেনি বয়স্ক ভাতার কার্ড। স্থানীয় মুসল্লিদের সাহায্যে ২০ মণ ধানে চলছে বৃদ্ধ হতদরিদ্র আমির হোসেন সংসার। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের চাড়িয়া ঘোষপাড়া গ্রামের হতদরিদ্র বৃদ্ধ ভূমিহীন আমির হোসেন ও তার স্ত্রী হাছেন বানুর বসবাস।
একমাত্র কন্যাসন্তানের বিয়ে হয় অনেক আগেই। সংসার চালাতে একমাত্র অবলম্বন মুসল্লিগণের দেয়া বছরে ২০ মণ ধান। নিজের কোনো জমিজমা নেই। পরের জমিতে একটি কুঁঁড়েঘর বানিয়ে কোনো মতে বসবাস করেন। এখন পর্যন্ত বয়স্ক ভাতা ও সরকারি কোন বরাদ্দ তার ভাগ্যে জুটেনি। পাঁচ ওয়াক্ত আজান ও নামাজ আদায় শেষে শ্রম বিক্রয় করে রোজগার করার মতো সময় থাকে না।
তাই অনেক কষ্ট করে জীবনযাপন করছেন। ছনের কুঁড়েঘরে কেরসিনের কুপি বাতিও ধরাতে কষ্ট হয় আমির হোসেন ও তার স্ত্রী হাছেনা বানুর। মো. আমির হোসেন জানান, অনেক সময় আলোর অভাবে অন্ধকারে নামাজ আদায় করতে হয়। হতদরিদ্র বৃদ্ধ ভূমিহীন দম্পতির পরিবারে একটি বয়স্ক ভাতার কার্ড ও ছনের কুঁড়েঘরে বিদ্যুতের আলোর জন্য সৌর বিদ্যুতের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
Reporter Name 

























