‘ভারতের ঋণ আমরা এক বছরে শোধ করে দিয়েছি। এটা ভারতও অস্বীকার করতে পারবে না’ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারি পরিষদ আয়োজিত ‘মাও সেতুংয়ের ৩৯তম মৃত্যু বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জাফরুল্লাহ বলেন, চীনের সাথে আমাদের ভালো সর্ম্পক রাখতেই হবে। অন্যথায় আমাদের পাশের বন্ধুদেশ নামক যে দৈত্য চেপে বসেছে সেই দৈত্য আরো চেপে বসবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বলেন, সরকার দেশে অত্যাচার, দুর্নীতি ও বৈষম্যের পাহাড় সৃষ্টি করেছে। তিনি বলেন, দুর্নীতিবাজ সরকারকে পতন করতে জনগণকে সাথে নিয়ে সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
মাহবুব বলেন, স্বাধনীতার মূল ভিত্তি ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্র আজ নির্বাসিত। আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আবারও সংগ্রাম করব। বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
মাও সেতুং এর কারণে চীনের স্বপ্ন পরিবর্তন হয়েছিলো উল্লেখ করে তিনি আরো বলেন, যে স্বপ্ন চীনের জনগণের জন্য দিযে গিয়েছিলেন তার কারণেই চীন আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আমেরিকা পর্যন্ত চীনের আধুনিক নেতত্বের কাছে পরাজিত হচ্ছে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল কাদের ভূইয়া, শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
Reporter Name 






















