উৎপল দাস
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এতদিন বেফাঁস মন্তব্য করার ক্ষেত্রে এতদিন আলোচনায় ছিলেন না। এবার শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছেন। যদিও পরবর্তীতে তিনি তার বক্তব্য থেকে সরে এসে নতুন করে বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হলেই বেফাঁস মন্তব্য করার একটা রীতি এদেশে তৈরি হয়ে গেছে।
২০১৩ সালের ২৫ এপ্রিল তৎকালিন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছিলেন স্থানীয় মৌলবাদী ও বিএনপির হরতাল সমর্থকরা ফাটল ধরা ভবনটি নাড়াচাড়া করায় সাভারের ‘রানা প্লাজা’ ধসে পড়েছে। এমন মন্তব্য করায় তখন সমালোচনা নিয়ে বাংলাদেশসহ বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয়েছিলো। এবার নাড়া চাড়া তত্বের পর ধাক্কাধাক্কির মন্তব্য নিয়ে সংবাদের শিরোনাম হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগেও আলোচিত সমালোচিত মন্তব্য করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেছিলেন, আল্লার মাল আল্লায় নিয়ে গেছে। আরেকজন লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুজ, আরেক সাগর-রুনি হত্যার পর সাহারা খাতুন বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদেরর আইনের আওতায় আনা হবে।
এবার অতীতের সমালোচিতদের পথ অনুসরণ করেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ সাংবাদিক নির্যাতন করে না। মাঝেমধ্যে ধাক্কাধাক্কি লেগে যায় শাহবাগেও তাই হয়েছে। রাজধানীর শাহবাগে দুই সাংবাদিককে পুলিশের বেধড়ক পেটানোর পরদিন এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আপত্তিকর বক্তব্যের একদিন পরই শাহবাগে সাংবাদিকরা তার এই বক্তব্য প্রত্যাহারের দাবী জানিয়েছেন। এরপরই তিনি বলেছেন, তদন্ত করে ফুটেজ দেখে দোষীদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 






















