ছোটখাটো মতভিন্নতা দূরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআন ও রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহর আলোকে সমাজ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, এই কোরআন যাদের বুকের মধ্যে ধারণ করার শক্তি দিয়েছেন আল্লাহ, তারা যেন কোরআনের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের জন্য নেতৃত্ব দিতে পারেন। আমরা নেতৃত্বের আসনে আপনাদের দেখতে চাই।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ৫ মাসব্যাপী আয়োজিত ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬’ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজন বাস্তবায়নের জন্য নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিরল আয়োজন আগে কোথাও হয়নি। এসময় প্রতিযোগিতায় ১০ পারায় প্রথম স্থান অর্জনকারী ছোট্ট রিদওয়ান বিন আলী, তার বাবা, মা ও উস্তাদকে ওমরাহ করানোর ঘোষণা দেন তিনি।
সভাপতির বক্তব্যে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও উত্তর সিটির মেয়র প্রার্থী সেলিম উদ্দিন বলেন, পাঁচ মাসব্যাপী এ প্রতিযোগিতায় আট শতাধিক কওমি ও আলিয়া মাদরাসার লক্ষাধিক হাফেজ অংশগ্রহণ করেছেন। কওমি, আলিয়া কিংবা অন্য কোনো নেসাব ও পরিচয়ের ভিন্নতা থাকলেও পবিত্র কোরআনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। কোরআনের শিক্ষা ও আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিষ্ঠা করে একটি আদর্শভিত্তিক, ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
গত ১৬ জুলাই শুরু হওয়া এ প্রতিযোগিতায় ঢাকার ৮০০টি মাদরাসার প্রায় ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি পবিত্র কোরআনের ১০, ২০ ও ৩০ পারা এই তিনটি পৃথক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাটাগরি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজন করে ৯ জনসহ মোট ২৪৩ জন প্রতিযোগীকে বিজয়ী নির্বাচিত করে পুরস্কার বিতরণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে কোরআন মুখস্থ করা, শুদ্ধভাবে তিলাওয়াত করা এবং কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিজয়ীদের মধ্যে ওমরাহ পালনের সুযোগ, ল্যাপটপ, সাইকেল ও অর্ধ কোটি নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। নগর উন্নয়ন ফোরামের সদস্যসচিব ও উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং হাফেজ খালিদ সাইফুল্লাহ বকসির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, নগর উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা যায়নুল আবেদিন, হুফফাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ হাফেজ আব্দুল হক প্রমুখ।
Reporter Name 























