মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবেন না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
আজ রোববার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
আহমেদ আযম খান বলেন, ‘শেখ হাসিনা যে অন্যায় করেছেন, যে গণহত্যা করেছেন, যেভাবে নির্যাতন করেছেন, তাঁকে সরকার নয়, আদালত ফাঁসি দিয়েছেন।’
বিরোধী দলের রাজনীতির সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আজকের বিরোধী দল যারা আছেন, কিছু ছেলেপেলে আছে, যারা রাজনীতি শেখেনি। তাঁরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তাঁরা রাজনীতির শিষ্টাচার জানেন না।’
জামায়াতে ইসলামীর প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের বারবার বলেছি—আর কোনো ধরনের জ্বালাও-পোড়াও নয়, কোনো ধরনের হুমকি-ধমকি নয়, রাজপথ রঞ্জিত করা নয়। আসুন, দেশটাকে পুনর্গঠন করি। গণতন্ত্রকে শক্তিশালী করি।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান আরও বলেন, ‘আপনারা বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। এখন যদি দায়িত্বহীন আচরণ করেন, কথায় কথায় আন্দোলন করেন, জনগণ কিন্তু বিএনপির সঙ্গে আছে। যদি বেশি লাফালাফি করেন, নির্বাচনে যে কয় আসন পেয়েছেন, ভবিষ্যতে জনগণ আপনাদের ভোট নাও দিতে পারে।’
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আহমেদ আযম খানের সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান ও সাংগঠনিক সম্পাদক সবুর রেজাসহ স্থানীয় নেতারা।
Reporter Name 
























