নিজেদের সুবিধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭২-এর সংবিধান বাতিলের দাবি জানিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় ঝিনাইদহে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত নির্বাচনের আগে শরিয়া আইন বাস্তবায়নের কথা বলেছে। তারা আজ শরিয়া আইনের কথা বলে না। তারা ৭২-এর সংবিধান বাতিলের দাবি জানিয়েছে। কিন্তু জামায়াত তাদের নিজেদের সুবিধা মতো সংবিধান বাতিলের দাবি করে আসছে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিএনপি স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে। দলীয় পরিচয় বহন করে কেউ বিদ্রোহী হওয়ার সুযোগ দেওয়া হবে না। জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিল। কিন্তু স্থানীয় নির্বাচনে সেই সুযোগ কাউকে দেওয়া হবে না।
জামায়াত নেতা আবু তাহেরের বক্তব্য প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, সম্প্রতি জামায়াত নেতা আবু তাহের সাহেব বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতের কোনো বাধা নেই। আওয়ামী লীগ নিয়ে জামায়াতের বাধা না থাকতেই পারে। কারণ তারা ৯৬ সালে আওয়ামী লীগের সাথে জোট বেধে আন্দোলন করেছে। আমি বলতে চাই, আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে গণঅভ্যুত্থানের শক্তিগুলো বাধা দেবে। আমরাই বাধা দেবো। জামায়াত বাধা না দিলেও আমরা বাধা দেবো।
রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে দেশে আজ এই সংকট। এই সংকট সরকারের সংকট নয়, এটি দেশের জাতীয় সংকট। সবাই মিলেই এই সংকট মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সবার সাথে সমন্বয় করে চলমান এই সংকট থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায় থেকে এই সংকটের জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। সরকারের এমন উদারতা কেউ কখনো আগে দেখেনি।
Reporter Name 
























