আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার খবরকে পুরোপুরি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের খবরের কোনো সত্যতা নেই এবং সরকার বিষয়টি আমলে নিচ্ছে না।
বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে একটি গুজব ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত সরকারের নজরে আসেনি। যে বিষয় সরকারের নজরেই আসেনি, তা আমলে নেওয়ার বা বিবেচনার প্রশ্নই ওঠে না।’
আগামী রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরকদমে চলছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পুরো দেশ ব্যস্ত সময় পার করছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামীকাল মনোনয়ন জমা দেওয়া হবে এবং ২০ তারিখে অনুষ্ঠিত হবে নির্বাচন।
‘একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জাতি একজন সর্বজন গ্রহণযোগ্য ও কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি পাবে,’ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ভারতীয় হাইকমিশনারের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘দুই দেশের মধ্যে সমাধান করা সম্ভব নয়—এমন কোনো জটিল সমস্যা নেই। ভারতের প্রতিনিধি দল দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গেছে এবং বাংলাদেশ ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে।’
এর আগে বিশ্ব যুব দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভবিষ্যৎ সম্ভাবনা ও এর বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরে তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান।
Reporter Name 
























