ত্রিশ বছরের যুবক সোহাগের খুব ইচ্ছে সবার হাতে দেশের পতাকা তুলে দিবেন! বিশেষ করে ছোট ছেলেমেয়েরা লাল-সবুজের পতাকা হাতে হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে যাচ্ছে-আসছে, এমন দৃশ্য কল্পনা করে মাঝেই মাঝেই তার চোখে পানি চলে আসে। তার ইচ্ছে করে সবাইকে বিনা মূল্যে জাতীয় পতাকা বিলান।
মানসিক সামর্থ্য থাকলেও সোহাগের যে আর্থিক সামর্থ্য নেই! পতাকা বিলানোর সে ইচ্ছা সোহাগ তাই পূরণ করে চলেছেন পতাকা বিক্রির মাধ্যমে। সামান্য লাভে হাজারো মানুষের কাছে রক্তে কেনা জাতীয় পতাকা পৌঁছে দিচ্ছেন সোহাগ।
বড় বড় জাতীয় দিবসে সোহাগের মতো আরও অনেকের ব্যস্ততা বেড়ে যায়। এ রকমই একটি দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুধবার হাজারো মানুষের ঢল নামে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। তাদের কারো দরকার জাতীয় পতাকা। সেই চাহিদাই মেটাতে দেখা গেল সোহাগকে।
সাত সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা কারও হাতে ফুল, কারও হাতে ব্যানার। কেউ বা এসেছেন গায়ে জাতীয় পতাকা জড়িয়ে। মেয়েদের কপালে লাল-সবুজে টিপ। অনেকে শাড়ি পরেছেন। বাকিরা সালোয়ার-কামিজ কিংবা বোরখা। পুরুষেরা পরেছেন পায়জামা-পাঞ্জাবি। তবে রঙের বেলায় লাল-সবুজের প্রাধান্য।
ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সকালের শীতকে ভ্রূকটি দেখিয়ে চলে এসেছে বাবা-মায়ের সাথে। লজ্জা পেয়ে বোধহয় রবিও নিজের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করছে। এসব দেখবেন, নাকি পতাকা বিক্রি করবেন সোহাগ! কেমন যেন তালগোল পাকিয়ে ফেলছেন! এমন ব্যস্ত একটি মুহূর্তে
“স্বাধীনতা দিবস, বিজয় দিবসে এক সপ্তাহ আগে থেকে পতাকা বিক্রি করি। ইচ্ছে করে সবাইকে ফ্রি পতাকা দিই! কিন্তু সে সাধ্য আমার নেই। পরিবারের দায়িত্ব আমার উপর।’ চকবাজার থেকে পতাক কিনে এনে বিক্রি করেন সোহাগ এবং আরো অনেকে।
সোহাগ বললেন, “আমার মতো আনেকেই পতাকা বিক্রি করে। সামান্য লাভে একটা ভালো কাজ করি আমরা। এভাবে আমরা বিক্রি না করলে সবার পক্ষে তো আর দোকানে গিয়ে পতাকা কেনা সম্ভব হতোনা!
নিজের কাজে তৃপ্ত সোহাগ বলেন, “যখন দেখি হাতে হাতে পতাকা নিয়ে হেঁটে যাচ্ছে দেখতে আমার খুবই ভালো লাগে।’
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদররা পরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের। অসংখ্য শহীদের স্মৃতি ধারণ করে আছে রায়েরবাজার বধ্যভূমি।
গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতার সঙ্গে জাতি এদিন স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের। প্রতিবছর এদিনে ফুলে ফুলে ঢেকে যায় বধ্যভূমির স্মৃতিসৌধের বেদি।
এবার যেন নতুন প্রজন্মের অংশগ্রহণ বেড়েছে। কুয়াশা সরিয়ে আধিপত্য বিস্তার করছিল সূর্য। পাল্লা দিয়ে বাড়ছিল জনতার স্রোত। সবে হাঁটতে শিখেছে এমন শিশু থেকে শুরু করে বয়সের ভারে নুয়ে পড়েছেন এমন বৃদ্ধ বাদ যায়নি কেউ!
সুমাইয়া, ফাতেমা, মিম, সাদিয়া, রাহিমা উইসেফ স্কুল থেকে শিক্ষকদের সঙ্গে শ্রদ্ধা জানাতে এসেছে রায়েরবাজারে ।
তারা জানাল, এখানে আসতে পেরে তাদের খুব ভালো লাগছে; তারা মুক্তিযুদ্ধের বেদনাদায়ক ইতিহাসের একটি অংশ কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে। সুমাইয়া বলল, “বুদ্ধিজীবী দাদুরা আমাদেরকে নিজেদের একটি দেশ দিতে গিয়ে শহীদ হয়েছেন। আমরা তাদের সারাজীবন মনে রাখব। যারা উনাদেরকে হত্যা করেছেন,তাদের বিচার হওয়া দরকার,”।
আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এসেছেন আলাউদ্দিন ও রাকিব। তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তারা। বললেন, “ আমরা শিক্ষকদের ধন্যবাদ জানাই। সব শিক্ষক এমন দায়িত্বশীল হলে নতুন প্রজন্ম কোনদিন বিপথে যাবেনা”।
কথা হল মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলামের সাথে। রাজনীতিবিদরা স্বাধীনতার ৪৫ বছর পরে এসে দুরভিসন্ধিমূলকভাবে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে বলে তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন “ এখন একেক দল একেকভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করছে। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে।আমরা বিভেদের জন্য যুদ্ধে করিনি”।
এবারের বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মত। দুর্বৃত্তরা যেন অশান্তি ঘটাতে না পারে সেজন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা হিসেবে ড্রোন ক্যামেরার ব্যবহার করা হয়েছে। আধুনিক আর্চওয়ে ব্যবহার করে মেটাল ডিটেক্টর দিয়ে দেহ পরীক্ষা করে প্রবেশ করার ব্যবস্থাতো ছিলই।
শহীদ বুদ্ধিজীবী গোরস্থান ঢাকার রায়েরবাজারে নির্মিত। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তিলগ্নে পাকিস্তান সেনাবাহিনী তাদের সহযোগীদের সহায়তায় দেশের যে-সকল শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং অন্যান্যদের হত্যা করেছিল তাঁদের শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এটি নির্মাণ করা হয়। যে স্থানটিতে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছিল সেখানেই এ স্মৃতিসৌধটি নির্মিত হয়। নিহত বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, লেখক, চলচ্চিত্র পরিচালক ও অন্যান্য পেশাজীবী।
১৯৯৩ সালে বাংলাদেশ সরকার এ নৃশংস হত্যাকান্ড সংঘটিত হওয়ার স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ইনস্টিটিউট অব আর্কিটেকটস্’র যৌথভাবে স্মৃতিসৌধের নকশা প্রণয়নের জন্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আহবান করে। ২২টি নকশার মধ্যে স্থপতি ফরিদউদ্দীন আহমেদ ও স্থপতি জামি-আল-শফি প্রণীত নকশাটি নির্বাচিত হয়। গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব লাভ করে। এ কাজ ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত তিন বছর সময়ে সম্পন্ন হয়। ১৪ ই ডিসেম্বর ১৯৯৯ সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Reporter Name 























