গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। তাই এটিকে শুধু মুখে বললেই হবে না—আমাদের অবশ্যই সেটিকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসের ভিত্তিতেই কাজ করতে হবে।
বুধবার (১১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে আজ একটি তুলনামূলক মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশে সাংবাদিকদের সঙ্গে আবারও একত্রিত হয়ে ইফতারে অংশ নিতে পারা আল্লাহর অশেষ রহমত।
তিনি আরও বলেন, বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের সময় সাংবাদিকদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়া গেছে, তা কৃতজ্ঞতার সঙ্গে সবসময় স্মরণ করা হবে।
বিএনপি মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের অত্যন্ত সুসম্পর্ক ছিল। তিনি মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সমর্থন ও আস্থার ভিত্তিতে একটি নতুন সরকার গঠিত হয়েছে এবং আগামীকাল জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন সংসদের মাধ্যমে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সংসদই হবে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। যারা গণতন্ত্র, উদার গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের সবাইকে এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও উদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার এবং সাংগঠনিক সম্পাদক সাঈদ খানসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















