তিনি নিজে মন্ত্রিপরিষদের সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি। তার স্ত্রী-কন্যা-ছেলে-ভাইসহ অন্য স্বজনরা আছেন দল ও অঙ্গসংগঠনের নানা স্তরে। তাতেও চাহিদার শেষ হচ্ছে না। জেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মেয়ে, যিনি কিনা আবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। সেখান থেকে পদত্যাগ করে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরিফ ডিলুর মেয়ে মেহজাবিন প্রিয়া।
এ নিয়ে দলের ভেতরে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
তারা ভূমিমন্ত্রীর সমালোচনা করে অভিযোগ করছেন, দলকে নিজের পারিবারিক বলয়ে বন্দী করতে চান মন্ত্রী।
দলীয় সূত্র জানায়, ভূমিমন্ত্রীর মেয়ে মাহজাবিন শিরিন প্রিয়া সোমবার সকালে পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালোর কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এর আগে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
পাবনা আওয়ামী লীগকে ভূমিমন্ত্রীর ‘পারিবারিক সংগঠন’ বানানোর উদাহরণ হিসেবে কিছু তথ্য তুলে ধরেন দলের কয়েকজন নেতা। তারা বলেন, মন্ত্রী নিজে পাবনা জেলা সভাপতি। তার স্ত্রী কামরুন্নাহার শরীফ ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, মেয়ে প্রিয়া (বিদ্রোহী প্রার্থী) জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক; প্রিয়ার স্বামী আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদী পৌরসভার মেয়র; মন্ত্রীর ছেলে সিহান শরিফ তমাল উপজেলা যুবলীগের সভাপতি; মন্ত্রীর এক ভাই বশির আহমেদ বকুল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা; আরেক ভাই আনিস শরিফ লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া মন্ত্রীর বিভিন্ন আত্মীয়স্বজন বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরে পরিবারের লোকদের অবস্থান এবং মেয়ে প্রিয়ার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থি হওয়ার কারণে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উঠেছে সমালোচনার ঝড়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন কেউ কেউ।
এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রীকন্যা প্রিয়া বলেন, ‘বাবা-চাচা বা কারো দানে আমি এই অবস্থানে আসিনি। নিজ যোগ্যতায় এই অবস্থানে এসেছি।’
জেলা পরিষদ নির্বাচনে তার প্রার্থী হওয়ার বিষয়ে প্রিয়া বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য তিনি জেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। শেষ পর্যন্ত তিনি নির্বাচনের মাঠে থাকবেন প্রত্যয় ব্যক্ত করে প্রিয়া আরও বলেন, ‘আমি নির্বাচন করবই।’
প্রিয়ার নির্বাচন করাকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা বলে মনে করছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত রেজাউল রহিম লাল। তিনি বলেন, ‘প্রিয়ার বাবার সঙ্গে রাজনীতি করছি। আমার ত্যাগ এবং দলে অবদানের কথা মানুষ জানে। সে (প্রিয়া) নির্বাচনে অংশ নেবে কি না সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের কেউ এ ধরনের কাজে অংশ নিলে দল তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো ধৃষ্টতা দেখিয়েছেন তিনি (প্রিয়া)।’
তবে বিদ্রোহী প্রার্থী যাতে না থাকে সে জন্য শেষ পর্যন্ত চেষ্টা চলবে এবং তাতে সফল না হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। তিনি বলেন, ‘আওয়ামী লীগে চেইন অব কমান্ড রয়েছে। আমরা শেষ সময় পর্যন্ত চেষ্টা করব যাতে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে। তার পরও যদি কেউ নির্বাচনে অংশ নেয়, তাহলে সেই দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে। দল তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এ ব্যাপারে কথা বলার জন্য ভূমিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Reporter Name 






















