বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বিএনপি হলো উন্নয়নের দল আর উন্নয়নের মার্কা হল ধানের শীষ। সব মার্কা ভেসে যাবে একমাত্র ধানের শীষ মার্কা রয়ে যাবে। ধানের শীষ মার্কা যুগের পর যুগ অম্লান হয়ে থাকবে। ধানের শীষ মার্কা হলো এদেশের কোটি কোটি মানুষের একটি জনপ্রিয় মার্কা।’
গতকাল বুধবার রাতে লালমনিরহাট আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন বিএনপির আয়োজনে, মহিষখোচা বহুমুখী স্কুল এন্ড কলেজ মাঠে আসন্ন ত্রয়োদশ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এদিন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিকের সঞ্চালনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লালমনিরহাট-২(কালীগঞ্জ -আদিতমারী) আসনের বিএনপির ধানের শীষ প্রার্থীরোকন উদ্দিন বাবুল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মামুন হোসেন ভুঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হিয়া ইউনুস, ভাদাই ইউপি বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার প্রমুখ।
দুলু বলেন, ‘পাল্লা আর ব্যবহৃত হয় না, এখন ডিজিটাল ব্যবহার করে। লাঙ্গলের পরিবর্তে মানুষ ট্রাক্টর, পাওয়ার টিলার, কলমের পরিবর্তে কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করছে। অতএব ধানের শীষ মার্কা এমন একটি মার্কা যা মানুষ খেয়ে জীবনযাপন করে থাকে। কাজেই এই মার্কাটি সবাই ব্যবহার করে থাকে।’
তিনি বলেন, ‘বিএনপি যখনি ক্ষমতায় আসে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে থাকে। মানুষকে কথা দিলে তা বাস্তবায়ন করে থাকে। বিগতদিনে যে দল ক্ষমতায় ছিল তারা এই এলাকায় কোনো উন্নয়ন করে নাই। তিস্তা ভাঙ্গনরোধে তারা কোনো প্রকার বাঁধ নির্মান করেনি। ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল এই এলাকাটি ভাঙ্গনরোধে দুটি স্পার বাঁধ নির্মান করে দেওয়া হয়েছিল, যা মানুষ সুখে দু:খে বাস করছে। যদি না করে দিতাম আজকে তিস্তা নদী ভেঙ্গে আদিতমারী পর্যন্ত চলে যেত। কিছুদিন আগে এই এলাকার কষ্ট দুর করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা সবাই আন্দোলন করেছিলাম। ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে একটি দল তাদের মার্কা বেহেস্তের টিকেট বলে এলাকায় গুজব ছড়াচ্ছেন। মিথ্যা কথা বলে ভোট চাচ্ছেন। তারা স্বাধীনতার সময়ে ছিলেন স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আর বিএনপি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাদের সম্পর্কে সজাগ থাকুন। ধানের শীষ মার্কায় ভোট দিলে দেশ ও জনগনের উন্নয়ন হবে।’
এসময় জনসভায় প্রধান অতিথি লালমনিরহাট-২ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে ধানের শীষ মার্কা তুলে দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
Reporter Name 

























