সংশোধিত পুলিশ কমিশন আইন ও এনজিও সংক্রান্ত আইন না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি।
শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়ো করে সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংক্রান্ত আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাস করাতে চাইছেন। আমরা মনে করি, নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না।
তিনি বলেন, আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকার-কে আহ্বান জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।
Reporter Name 

























