আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অনেকে বিভিন্ন দল থেকে এই দলে এসে ভিড়ছে। তাদেরকে ‘বসন্তের কোকিল’ ও ‘মৌসুমি পাখি’ বলে আখ্যায়িত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এসব সুবিধাভোগী লোকদের আওয়ামী লীগের মতো দলে কোনো প্রয়োজন নেই। তাদেরকে দল থেকে বের করে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
শনিবার বিকালে চট্টগ্রাম লালদিঘী ময়দানে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের নেতাদের সংবর্ধনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেতাকর্মীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, দলের শৃঙ্খলা মানলে দলে থাকবেন, না হলে দলে থাকার কোনো অধিকার নেই। গুটি কতকের জন্য দলের বদনাম হবে এটা হতে পারে না।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে ব্যানারে-বিলবোর্ডে আমার ছবি দেখতে আসিনি। আমি এই চট্টগ্রামে আমার নামে তোরণের শোভা দেখতে আসিনি। কারণ আমি জানি ফুলের মালা শুকিয়ে যাবে, আমি জানি এই ফুল শুকিয়ে যাবে। আমি জানি কাগজের ফুল ছিঁড়ে যাবে। আমি জানি পোস্টারের ছবি ছিঁড়ে যাবে। আমি জানি তোরণের ছবি ভেঙে যাবে। আমি জানি পাথরের ছবি ক্ষয়ে যাবে। কিন্তু হৃদয়ের কথা রয়ে যাবে।’
সমাবেশে চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নেতাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, উপ প্রচার সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য রাঙামাটির সাবেক সাংসদ দীপংকর তালুকদার বক্তব্য দেন। কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীতে স্থান পাওয়া সাবেক সাংসদ ইছহাক মিঞা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য শিক্ষাবিদ ড. অনুপম সেন এবং প্রণব কুমার বড়ুয়া।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও ডা. দীপু মনি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও খালিদ মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।
Reporter Name 






















