চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন।
তার মৃত্যুর প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন সংগঠনটির নেতাকর্মীরা। ফলে সকাল থেকে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, আটকা পড়েছে শত শত যানবাহন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’
এর আগে মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাওলানা সোহেল মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত সোহেল চৌধুরীর বাড়ি সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
Reporter Name 

























