বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে কিছু চাইছে দেশেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। আমাদের যে সুযোগটি এসেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যে সুযোগটি এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই সুযোগটি কাজে লাগাই। আমাদের শহীদদের কাঙ্খিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যাতে ধীরে ধীরে গড়ে তুলতে পারি।
সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে ‘মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির’ উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বুধবার (৬ আগস্ট) ৫০১ হাই স্ট্রিট নর্থে অবস্থিত দ্যা রয়েল রিজেন্সিতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মাহবুব আলী খান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবেদ রাজার সঞ্চালনায় সভাপতি আহমেদ সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্পেশাল অতিথি ছিলেন ড. জোবাইদা রহমানসহ বিএনপির পরিবারবর্গ।
আলোচনা সভায় মাহবুব আলী খানের স্মৃতি চারণে কবিতা আবৃত্তি করা হয়। কবিতাটি লিখেছেন তার মেয়ে ড. জোবাইদা রহমান। এছাড়াও উনার স্মৃতি চারণে তুলে ধরা হয়েছে মাহবুব আলী খানের পরিবারের পরিচয়পর্ব। দেখানো হয়েছে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের পরিচয়পর্ব। এসময় প্রদর্শিত হয়েছে তার চাকরি জীবনের কৃতকর্ম।
প্রধান অতিথি তারেক রহমান বলেন, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান একজন দেশ প্রেমিক মানুষ ছিলেন। উনি দেশের জন্য কাজ করেছেন। বর্তমানে দেশে একটি পরিবর্তন এসেছে।
তিনি বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এ বিজয় একক কোন সংগঠন বা রাজনৈতিক দলের দ্বারা সম্ভব ছিলনা। দেশের সর্বস্তরের মানুষ রাজ পথে নেমে এসেছেন বলেই এ আন্দোলন সফল হয়েছে। স্বৈরাচার মুক্ত হয়েছে।
বক্তব্যে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরই অংশ হিসেবে আমি ১৭ বছর ধরে প্রবাসে আছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত প্রবাসী ভাই বোনেরা আছেন, যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন, যার যার অবস্থান থেকে যে সাহায্য করেছেন, নেতাকর্মীদের উৎসাহ দিয়েছেন প্রতিটি প্রবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।
এছাড়াও তিনি বলেন, আমি প্রবাসীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা দেশকে এগিয়ে নিতে অতীতে যেমন সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আগামীতে গণতান্ত্রিক যে সরকার আসবে, সে সরকারকেও আপনারা সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে তে সহযোগিতা করবেন।
আলোচনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আব্দুস সালাম, বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাহবুব আলী খান স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ, যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাজান হোসেন সেনাজ। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, সহ-সভাপতি আব্দুল খয়ের, আইন বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) ব্যারিস্টার ফয়সল আহমদ প্রমুখ।
আলোচনা শেষে মিলাদের পর রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এবং তার পরিবারে যারা জীবিত রয়েছে তাদের দীর্ঘায়ু কামনা ও নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয় । এছাড়াও জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের জন্যও দোয়া করা হয়।
Reporter Name 




















