ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে যে ৩ জনের স্থান খালি রয়েছে তা আপাতত খালি রাখার সিদ্ধান্ত হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, আগামীকাল শনিবার দুপুর ১২ টার মধ্যেে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির বাকি পদগুলো ঘোষণা করা হবে। তবে গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়াম সদস্য হিসেবে যে ৩ টি পদ খালি রয়েছে তাতে আপতত কারো নাম ঘোষণা করা হবে না। পরবর্তীতে তা জানানো হবে। এছাড়া উপদেষ্টামণ্ডলীতেও কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওবায়দুল কাদের।
বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম বাদে বাকি ১৩ জন প্রেসিডিয়াম সদস্যই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী তৃণমূলে জনগণের সমস্যা চিহ্নিত করতে প্রেসিডিয়াম সদস্যদের নির্দেশ দিয়েছেন।
এছাড়া আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতাদের তালিকা থেকে যাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা যায় সে বিষয়েও কাজ করার জন্য প্রেসিডিয়াম সদস্যদের নির্দেশ দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত এক সদস্য পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন।
Reporter Name 






















