কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে নির্বাচনি সভায় ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন। পাকুন্দিয়া পৌর ঈদগা মাঠে সোমবার সভায় তিনি বলেন, খালেদার মুক্তির জন্যই আমি নির্বাচন করছি। এ সময় তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা।
মেজর আখতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, নির্বাচনে যদি কারসাজি করেন, ঘরে ঘরে আগুন লাগবে। পরক্ষণেই তিনি বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ব। বিএনপির ওই বহিষ্কৃত নেতা জনসভা শেষও করেন, খালেদা জিয়ার মুক্তি দাবির স্লোগান দিয়ে। এবারও তার সঙ্গে কণ্ঠ মিলালেন সবাই। জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন, বুরুদিয়া ইউপি পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাদীউল ইসলাম হাদী, উপজেলা আওয়ামী লীগ নেতা এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বুলবুল আহমেদ, চরফরদি ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. এখলাস উদ্দিন, পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জাফরুল।
বুরুদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল জানান, তিনিসহ বর্তমান এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদের সমর্থকরা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন। তারা মেজর আখতারকে নিয়ে সোমবারের মতো নিয়মিত সভা-সমাবেশ ও গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি আরও বলেন, মেজর আখতার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করলেও তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ায় দৃঢ় সংকল্পবদ্ধ। এছাড়া তিনি ব্যক্তি বিশেষের স্বার্থে সব ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আসছেন। তাই তার এমন প্রচার-প্রচারণায় তাদের কোনো আপত্তি থাকার কথা নয়।
Reporter Name 
























